দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে ফল পরিবর্তনের গড় হার ১১ দশমিক ৪৫ শতাংশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এসব বোর্ডে ২৮ হাজার ৩৬১ জনের ফল পরিবর্তিত হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ফল পরিবর্তনের হার ১০ দশমিক ৮৩ শতাংশ।
বোর্ডভিত্তিক ফল পরিবর্তনের হারে শীর্ষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তিত হয়েছে। পরিবর্তনের হার ৪৪ দশমিক ১৯ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জন আবেদনকারীর মধ্যে ৭৭৯ জনের ফল পরিবর্তিত হয়েছে। এ হার ২ দশমিক ৪৮ শতাংশ।
অন্যান্য বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন আবেদনকারীর মধ্যে ৫ হাজার ৮৫৩ জনের (৭ দশমিক ১৬ শতাংশ), কুমিল্লায় ২৫ হাজার ১৯৩ জনের মধ্যে ৩ হাজার ৬৫ জনের (১২ দশমিক ১৭ শতাংশ), যশোরে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জনের (৭ দশমিক ২৬ শতাংশ) ফল পরিবর্তিত হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের (৭ দশমিক ৫৩ শতাংশ), বরিশালে ১২ হাজার ২৯৩ জনের মধ্যে ২ হাজার ৭৭২ জনের (২২ দশমিক ৫৫ শতাংশ), সিলেটে ১৪ হাজার ৪৪৩ জনের মধ্যে ১ হাজার ৩৫৩ জনের (৯ দশমিক ৩৭ শতাংশ) এবং দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জনের (৯ দশমিক ১৬ শতাংশ) ফল পরিবর্তিত হয়েছে।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ১২৮ জনের (৯ দশমিক ৪৯ শতাংশ) এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৪৪০ জনের মধ্যে ৩ হাজার ৮৬০ জনের (২২ দশমিক ১৩ শতাংশ) ফল পরিবর্তিত হয়েছে।
আবেদনকারী শিক্ষার্থীরা সমন্বিত ওয়েবসাইট [eduboardresults.gov.bd] (https://eduboardresults.gov.bd/) এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন।
এ ছাড়া যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে, তাঁদের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।
এমজে